করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্টির উদ্যোগে শহরের বিভিন্ন জনসাধারণ ও ব্যবসায় প্রতিষ্ঠানে বিনামূল্যে মাস্ক এবং ‘নো মাস্ক, নো সার্ভিস’ যুক্ত লিফলেট বিতরণের আয়োজন করা হয়। চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এতে নেতৃত্ব দেন।
অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, এম, এ খালেক, মীর জাহেদুল হাসান জুয়েল, সাজেদুল আলম লালটু, মোক্তারুল হক সজিব, ইফতারুল হক সজিব, সুমনসহ চেম্বারের পরিচালকবৃন্দ এতে অংশ নেন।
সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ধাপে করোনাকে ভালোভাবে মোকাবেলা করেছেন। কিন্তু শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পেতে পারে। তারই অংশ হিসাবে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক ও নো মাস্ক, নো সার্ভিস ষ্টিকার লাগানো হচ্ছে এবং ব্যবসায়ীদের মাস্ক পড়ে জিনিসপত্র বিক্রির জন্য সচেতন করা হচ্ছে। পাশাপাশি ক্রেতারা মাস্ক ছাড়া কোন রকম জিনিসপত্র কিনতে আসলে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেও করোনার মধ্যে আমাদের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীদের বিপদে পড়তে হবে। তাই এই অর্থনৈতিক চাকা সচল রাখতে জেলার প্রতিটি হাট বাজারে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে।