নওগাঁর পত্নীতলায় শনিবার সকাল ১০টায় নজিপুর ইসলামিয়া ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্ট কলেজছাত্রী তানিয়া আক্তার মিম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নজিপুর বাসষ্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মিমের স্বজন, শিক্ষক, সহপাঠীসহ সর্বশ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে চলাকালীন সময়ে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রভাষক মাহবুবুল আলম, আ.লীগ নেতা গোলাম মস্তোফা, নিহত মিমের মা শম্পা আক্তার, বাবা মিজানুর রহমান, চাচাতো ভাই মোতাব্বির রহমান, সহপাঠি সাদিয়া আক্তার, তুষার বাবু, রাজু আহমেদ প্রমুখ। এ সময় মিম হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মখোমুখি করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর পত্নীতলার নজিপুরে ইসলামিয়া ক্লিনিক এ- ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে কর্মরত রিসিপশনিস্ট তানিয়া আকতার মিমের লাশ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে পুলিশ। মিমকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে পরিবারের পক্ষে মামলা করা হলেও এখনও কোন আসামীকে আটক করতে পারেনি থানা পুলিশ।