শীতে করোনা সংক্রামণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক সরকারি ঘোষণা বাস্তবায়নে কঠোর হচ্ছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন। এমনকি উপজেলার যে কোন দপ্তরে মাস্ক ছাড়া গেলেও সেবা দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পথচারীসহ রিকসা-ভ্যানচালকদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার। মাস্ক বিতরণকালে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আখতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় বাসষ্ট্যান্ডে সচেতনতামূলক ক্যাম্পেইনে বলা হয়, সকল শ্রেণির মানুষদের মাস্ক পরার সরকারি নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪ (১), (২) ও ধারা ২৫ (১) ও (২) অনুয়ায়ী মাস্ক ছাড়া বাইরে বের হলেই জেল-জরিমানা করা হবে। উপজেলায় কেউ মাস্ক না পরে আসলে তাদের সেবা দেওয়া হবে না। নো মাস্ক, নো সার্ভিস।