বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামি গণতান্ত্রিক পার্টির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কলাবাগানে ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের এ প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য এম. এ আউয়াল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় দলের মহাসচিব অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এম. এ আউয়াল বলেন, মূতি ও ভাস্কর্যের মধ্যে বিরোধ সৃষ্টি করা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ‘মূর্তি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনার অংশ, ভাস্কর্য সভ্যতার ধারাবিবরণী। মুসলিম সভ্যতাসহ পৃথিবীর সভ্যতার একটি বড় নিদর্শন মানুষের সামনে উন্মোচিত হয়েছে ভাস্কর্য-শিল্পের মধ্য দিয়ে। যারা আধুনিক পৃথিবীর শিক্ষা-শিল্পকলা সম্পর্কে অজ্ঞান, তাদেরকে ব্যবহার করেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমার্ণের বিরুদ্ধে কয়েকজন আলেমের হুমকি-ধামকির প্রতিবাদ জানিয়ে এম এ আউয়াল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু আলেম দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ভিন্ন কোনও পক্ষের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করার ধৃষ্টতা দেখাচ্ছে।’ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা দেশের শান্তি বিনষ্টের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে সাবেক এমপি এম. এ আউয়াল বলেন, ‘বাংলাদেশের সৃষ্টি যার হাত ধরে, দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য যার প্রাণ নিবেদিত, তার ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। মহান মুক্তিযুদ্ধের অবমাননা করার নামান্তর।’ গত কয়েকদিনে যে সকল আলেম পরিচয়ধারী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছে, এদের সঙ্গে উগ্রপন্থী-জঙ্গিদের কোনও সম্পর্ক আছে কিনা, তালেবানদের সঙ্গে কোনও সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান এম. এ আউয়াল। তিনি আরও বলেন, ‘দেশের মানুষ যখন করোনা মোকাবিলা করছে, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে, ওই সময় কিছু চিহ্নিতমহল ভাস্কর্যকে›ন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করছে। দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, প্রকৃত ইসলামের ধর্মপ্রাণ মানুষকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।