কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সোমবার দুপুরে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট মোঃ আল-মামুন দুই দিনের রিমান্ডের আদেশ দেন। জানাযায়, পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন কিশোরগঞ্জ গত সপ্তাহে ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। একটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সন্দেহে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত পৌনে এগারটার দিকে উপজেলার সিনেমা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে পিবিআই কিশোরগঞ্জ কার্যালয়ে রেখে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।
গ্রেপ্তারের ঘটনায় উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র মামুন ইস্যুটি প্রধান আলোচ্য হয়ে ওঠেছে।
পিবিআই সূত্র জানায়, মো. লায়েছ (৩৩) ও মো. উমরসান (৩৫) আপন সহোদর। তাঁরা উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা। তাঁরা সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নেতা মামুনের সঙ্গে লায়েছের দীর্ঘদিনের ব্যবসায়ী সখ্য। তাঁরা গ্রামের বাড়ি থাকতেন না। শহরের বসন্তপুর এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। মামুনও বসন্তপুর এলাকার বাসিন্দা। ২০১৭ সালের ২৬ জুন ছিল ঈদ উল ফিতর। ওই দিন সবাই গ্রামের বাড়ি চলে যান। রাতে কেবল উমরসান বাসা বাড়িতে ফিরে আসেন। ওই রাতে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে উমর সানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এই ঘটনায় পরদিন উমর সানের ছোট ভাই মো. লায়েছ বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই সময় এজহারে কেবল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত দঁড়িগাও গ্রামের মো. হেলিম নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। হেলিম পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন পর মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সাড়ে তিন বছর পর ২২ অক্টোবর পিবিআই দাঁড়িঘাগটিয়া গ্রামের নান্টু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। নান্টু স্থানীয়ভাবে পেশাদার কিলার হিসেবে পরিচিত। নান্টু ওই দিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির সূত্র ধরে আটক করা হয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আল আমিনকে। আল আমিন পরদিন আদালতে স্বীকারোক্তি দেন। দুজনের স্বীকারোক্তিতে উঠে এসেছে মূলত হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহ আল মামুন। ব্যবসায়ীক লেনদেনের সূত্র ধরে লায়েছকে খুন করতে চেয়েছিলেন মামুন। সেই কারণে দুই লাখ টাকার বিনিময়ে তাঁদের ভাড়া করা হয়। পরিকল্পনা অনুযায়ী রাতে ঘরে ঢুকে মশারীর নিচে একজনকে ঘুমিয়ে থাকতে দেখে খুন করে চলে আসেন। পরবর্তীতে বুঝতে পারেন টার্গেট ভুল হয়েছে। ছোট ভাইকে খুন করতে গিয়ে বড় ভাইকে খুন করে এসেছেন খুনিরা। স্বীকারোক্তির পর থেকে মামুনকে আটক করার জন্য পিবিআই তৎপর হয়ে ওঠে।
লায়েছ বলেন, মামুনের সঙ্গে আমার লেনদেন ছিল। এই নিয়ে ঝামেলাও চলছিল। তবে মামুন আমাকে খুন করার জন্য খুনি পাঠাতে পারেন- এমনটা ধারণা করতে পারেনি।
পিবিআই হেফাজতে মামুন হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে চলেছেন। তবে তিনি স্বীকার করেছেন লায়েছের সঙ্গে তাঁর ব্যবসায়ীক যোগাযোগ ও লেনদেন ছিল।
জানতে চাইলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মো. মজিবুর বলেন, স্বীকারোক্তিতে স্পষ্টতই উঠে এসেছে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী মামুন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে বিকালের মধ্যে আদালতের মাধ্যমে মামুনকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হবে।