ঢাকার পান্থপথে তিতাসের গ্যাসলাইন মেরামতের সময় চারজন দগ্ধ হয়েছেন।
হঠাৎ করে করে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন বলে স্থানীয়রা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছে। দগ্ধ চারজনের মধ্যে তিনজন মেরামতের কাজ করছিলেন এবং একজন পথচারী।
তারা হলেন, আব্দুল্লাহ (৫৫) আজিম (৪০), রুহুল আমিন (৪০) ও জাফর (৩০)। এর মধ্যে জাফর পথচারী। বাকি তিনজনের একজন তিতাসের কর্মচারী, আর দুজন শ্রমিক।
তিতাস গ্যাসের ধানমণ্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম সাংবাদিকদের জানান, পাইপলাইনে গ্যাস লিকেজের খবর পেয়ে তিতাসকর্মী শ্রমিক নিয়ে সেখানে গিয়েছিলেন।
স্থানীয়দের বক্তব্যের বরাত দিয়ে তিনি বলেন, “কাজ করার সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হয়।”
আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে ভর্তি দুজনের শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।