গত প্রায় ১০ বছর ধরে সংযুক্তিতে চাকরি করছেন ঢাকায় স্বাস্থ্য বিভাগে। অথচ তাঁর পদায়ন রাজশাহী সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা। তিনি সিভিল সার্জন দপ্তরের পদটি ধরে রাখার কারণে তাঁর স্থলে অন্য কেউ আস্তেও পারছেন না। স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ যে ৪৫ কর্মকর্তা-কর্মচারিকে দুদক চিঠি দিয়েছে তার মধ্যে এই কাফিও রয়েছেন। সেখানে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তিনি কাগজে-কলমে এখনো রাজশাহী সিভিল সার্জন অফিসের প্রশাসনকি কর্মকর্তা পদে রয়েছেন। আর সেই তিনি হলেন স্বাস্থ্য বিভাগে বিল্ডিং কাফি নামে পরিচিত আব্দুল্লাহ হেল কাফি। পাকাপোক্তভাবে তালিকাভুক্তি থেকে বাদ দেয়ার লক্ষ্যে এখন তিনি দুদককে ম্যানেজ করার জন্য অব্যাহত চেষ্টা করছেন। সোস্যাল মিডিয়াসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ হয়েছে। যার প্রেক্ষিতে কথা উঠলেই কর্মস্থলসহ বিভিন্ন জায়গায় তিনি নাকি বলছেন, দুদকের জাল থেকে বেরুনোর পরই দেখতে পাবে খুঁটি জোর আছে কি নাই।
অনুসন্ধানে জানা গেছে, আব্দুল্লাহ হেল কাফি চাকরির পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ভবন নির্মাণের ঠিকাদারী কাজের পুরো নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। যার ফলে তাঁকে সবাই বিল্ডিং কাফি নামেই চেনেন। তিনি বর্তমানে স্বাস্থ্য বিভাগের ৫টি হাসপাতাল উন্নয়ন প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে রয়েছেন ঢাকায়। ফলে যেখানেই হাসপাতালের নতুন ভবন বা নির্মাণকাজ হয়, সেখানেই কাফিকে সংযুক্তিতে নিয়োগ দেওয়া হয়। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নের সময়ে তাঁকে সেখানে সংযুক্তিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছিলো। এখানে থাকা অবস্থায় দুদকের নজরদারিতে আসেন তিনি।
গত জানুয়ারিতে দেশজুড়ে স্বাস্থ্য বিভাগের যে ১৫০ জন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর নাম বেরিয়ে আসে, তার মধ্যে কাফি ছিলেন অন্যতম। কিন্তু বরাবরের মতোই চতুর কাফি থেকে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে। সবশেষ ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে আসে তাঁদেরর মধ্যেও রয়েছে কাফির নাম। নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা এই কাফির রয়েছে অঢেল সম্পদ।
স্থানীয় এলাকাবাসী জানান, রাজশাহী নগরীর উপশহরে রয়েছে তার একটি বিশালাকার জমি। যার আনুমানিক মূল্য অন্তত ৪ কোটি টাকা। কায়সার মেমোরিয়ালের সামনে পাশাপাশি দুটি ১০ তলা ভবনের মাঝখানের এই জমিটি বছর কয়েক আগে কেনেন তিনি। পাশের দুইটি ভবনকে পাল্লা দিয়ে নাকি কাফি এই জমিটিতে তৈরি করবেন কুড়ি তলা ভবন। রাজশাহী সিভিল সার্জন অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রয়েছেন কাফি। কিন্তু গত প্রায় ১০ বছর তিনি ঢাকায় চাকরি করেন সংযুক্তিতে। তাঁর দাপটে অন্য কোনো কর্মকর্তাকে এখানে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আবার রাজশাহী সিভিল সার্জন অফিসের টেন্ডারসহ বিভিন্ন কেনাকাটাগুলো ঢাকায় বসেই নিয়ন্ত্রণ করেন কাফি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহেল কাফি রোববার (২২ নভেম্বর) সকালে প্রতিদিনের সংবাদ প্রতিবেদককে জানান, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। সরকারি নির্দেশনায় নিয়ম অনুযায়ী প্রেশনে ঢাকায় রয়েছি। মূলত আমার পদে আসার জন্য কয়েকজন ব্যক্তি ঈর্শ্বান্নিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।’
আর নাম প্রকাশ না করার শর্তে দুদক রাজশাহীর একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের নিয়ে আমরা কাজ শুরু করেছি। খুব শিঘ্রই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।