পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যামামলায় গ্রেপ্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুন জামিন পেয়েছেন।
তার মুক্তির দাবিতে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ক্ষোভ-বিক্ষোভ জানিয়ে আসছিল। সারাদেশে মনোরোগ চিকিৎসকরা তাদের চেম্বারে সন্ধ্যায় দুই ঘণ্টা রোগী দেখা বন্ধ রাখছিল।
গ্রেপ্তারের ছয় দিন পর রোববার ডা. মামুনকে জামিন দেন ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল।
মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার জাফর হোসেন জানিয়েছেন।
এর আগে গত ১৭ নভেম্বর ডা. মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত, যাতে চিকিৎকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
রিমান্ড শেষে ২০ নভেম্বর ডা. মামুনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন হত্যামামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা। তখন আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল।