ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের বুলবুলের বাজার এলাকা থেকে আবদুল কাদির (৩০) নামের এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাড়ীর পাশে পুকুর পাড়ের কাঁঠাল গাছ থেকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঁঠানো হয়েছে। আবদুল কাদির ওই এলাকার শামছুর রহমানের ছেলে। এ ঘটনায় গফরগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে ও প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, প্রবাসী আবদুল কাদির মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। তার মানসিক সমস্যার জন্য সৌদি আরব থেকে তাকে দেশে পাঠিয়ে দেয়। এরপর দেশে এসে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। মঙ্গলবার রাত ১১টার দিকে তার বোনের জামাই আজাহার উদ্দিন বুলবুলের বাজার থেকে প্রবাসী আবদুল কাদিরকে হাতে ধরে টেনে নিয়ে আসে। বুধবার সকালে প্রতিবেশী এক মহিলা বাড়ীর পাশে পুকুর পাড়ের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার দেয়। মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রবাসী আবদুল কাদিরের বোন জামাই আজাহার উদ্দিন, স্ত্রী হাসনা ও পিতা শামছুর রহমান কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঁঠানো হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও শরিরে কাঁদামাটি লেগে আছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।