দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার ২ হাজার ৭৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১ টায় সভাকক্ষে উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে আয়োজিত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, সরকারের প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলার ২ হাজার ৭৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রণোদনা হিসেবে ২৩০ জনের মাঝে সরিষা, ১ হাজার ৫০০ জনের মাঝে ভুট্টা, ৪৬০ জনের মাঝে বোরো ধান, ২০ জনের মাঝে গম, ৩০ জনের মাঝে পেঁয়াজ এবং পুনর্বাসনের আওতায় ২৩০ জনের মাঝে সরিষা, ১৩৫ জনের মাঝে সূর্য্যমূখী, ৩০ জনের মাঝে গম, ৭০ জনের মাঝে টমেটো এবং ৭০ জন কৃষকের মাঝে মরিচের বীজসহ প্রতি কৃষককে দশ কেজি ডিএপি ও এমওপি সার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উল্লিখিত প্রণোদনা এবং পুনর্বাসনের জন্য বীজ ও সার বিতরণ করা হচ্ছে।