বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ভাই সাবেক ছাত্রলীগ নেতা আতোয়ার হোসেন মান্নার গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার ছোট ভাই।
সোমবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম দামগাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লিটন বাদী হয়ে ৬ জনকে অজ্ঞাতনামা করে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা আতোয়ার হোসেন মান্না নন্দীগ্রাম থেকে বগুড়া যাওয়ার পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম দামগাড়া এলাকায় তার প্রাইভেট কার লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে সে হতাহত হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরিত অংশের কসটেপ ও দূর্বৃত্তদের ফেলে যাওয়া সেন্ডেল উদ্ধার করেছে।
এ দিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ.লীগ শফি উদ্দিন, মখলেছুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছে। ককটেল নিক্ষেপ ঘটনার তদন্ত চলছে।