পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (১৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবিগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক মুসা প্রাং এর কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘঁনা ঘটে। আহতদের মধ্যে বামনগ্রামের সেকেন্দার আলী (৬০),মঞ্জুর রহমান (৩২),হযরত আলী (২৮),আনিসুর রহমান (৫৫),নাজিম উদ্দিন (৫০) ও সোনাই প্রাং (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আক্কাস আলী (৫০),আঃ ওহাব (৫৫),রুপচাঁদ আলী (৩৫),সাজাদুল ইসলাম (৪০) ও আনোয়ারুল ইসলাম(৪২) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা প্রাং এর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় বামনগ্রাম বাজারে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম ও মুসা প্রাং একে অপরকে দায়ী করেছে।
চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছিল। উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।