কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মিরারবনের অধিবাসী, চার বারের পৌর চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রথম সভাপতি, সুন্নাতুল জামায়াতের বর্তমান সভাপতি, হাফেজ আবদুর রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠ বন্ধু আলহাজ মিজবাহ উদ্দিন আহম্মেদ গত রোববার রাত ৭টা ২৫ মিনিটে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক ডাক-বাংলার ময়দানে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদণ্ডসদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন সহ দল মত নির্বিশেষে হাজার হাজার জনতার উপস্থিতিতে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরের মিরারবন পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী-আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।