যশোরের কেশবপুরে সরকারি রাস্তার ৪০ হাজার টাকা মূল্যের গাছ কর্তনের অভিযোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুস সবুরকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কর্তনকৃত কাঠগুলো জব্দ করেন।
এলাকাবাসি জানায়, ১৯৯০/৯২ সালে বেসরকারি সংগঠন গণসাহায্য সংস্থার উদ্যোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি মালোপাড়া সড়কের দু‘পাশ দিয়ে রোডশিশু গাছ রোপণ করা হয়। গত ১৫ নভেম্বর ভোরে ওই সড়কের পরিমল বিশ্বাসের বাড়ির সামনে থেকে বৃহদাকার একটি রোডশিশু গাছ ওয়ার্ড মেম্বার আবদুস সবুর কাটতে যায়। এ সময় গ্রামবাসি বাঁধা দিলেও জোরপূর্বক গাছটি কেটে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে মেম্বার পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সরকারি গাছ কর্তনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেম্বার আবদুস সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন চিংড়া ফাড়ি ইনচার্জ পুলিশের উপপরিদর্শক ওয়ালিউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম, উপজেলা সার্ভেয়ার মেরাজ হোসেন প্রমুখ। এ ব্যাপারে মেম্বার আবদুস সবুর বলেন, গাছ কেটে আত্মসাতের ঘটনা সঠিক নয়। সাগরদাঁড়ি বাজারের সাকো মেরামতের জন্যে চেয়ারম্যানের অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছিল। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছলে তিনি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে যান।সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার অভিযোগে মেম্বারকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা ভূমি অফিসে রাখা হয়েছে।