বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) এর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে শহর সমবায় ভবনে সংগঠনের জেলা কার্যালয়ে দিবসটি পালনের উদ্বোধন করেন জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সভাপতি আক্কাছ আলী।
স্বাগত বক্তৃতা করেন আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ, জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কিশোরগঞ্জ প্লেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
বক্তাগণ দেশ ও জনজীবনের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে বলেন, এই শিক্ষার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করে জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের কালিবাড়ী, গৌরাঙ্গাবাজার, আখড়াবাজার, বটতলা-পুরাতন জেলখানা মোড় ও গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যা-ে জনসচেতনা সৃষ্টিতে প্রায় দেড় হাজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রকৌশলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।