বাগেরহাটের চিতলমারীতে এক পরিবারের বসতঘরসহ দুইটি ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে তাদের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই পরিবারের ১১জন সদস্য খোলা আকাশের বসবাস করছে। ১৫ নভেম্বর রোববার ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সাহায্যের জন্য লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ মো. খসরু কাজী জানান, তার বাড়িতে গত ১৩ নভেম্বর রাত প্রায় একটার দিকে তার বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত পরিবারের সদস্যরা ঘরের বাইরে চলে আসেন। আগুন নেভানোর প্রস্তুতিকালেই টিনের বসতঘর ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল তার বাড়িতে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ঘরগুলোসহ মূল্যবান জিনিস, আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। প্রায় ছয়লাখ টাকার ক্ষতি হয়। তার পরিবারের ১১ জন সদস্য এখন খুব কষ্টে আছেন বলে তিনি জানান। চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ গ্রামের আজিজ কাজীর ছেলে।
এদিকে, এই বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, তিনি লিখিত আবেদনটি পেয়েছেন। পিআইওর কাছে সেটা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার সাহায্য পাবে।