রাজশাহীর বাগমারার একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডে গোটা কারখানা পুড়ে ভস্মিভূত হয়েছে। যাওয়ার পাশাপাশি আশপাশের একটি বাড়িও পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ও থানার ওসি আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউলা বেইলি সেতু সংলগ্ন তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কারখানার কার্যক্রম চলাকালীন অবস্থায় শনিবার রাত আটটায় আগুনের ফুলকি পাশে থাকা তুলার স্তুুপে পড়ে। এ সময় সেখানে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকেরা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে গেলে তাঁরা চিৎকার শুর করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।
একই সময়ে স্থানীয় ফায়ারস্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাগমারা ফায়ারস্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুন কারখানার থেকে পাশের গুদামে ছড়িয়ে যায়। পরিস্থিতি স্থানীয় ফায়ারস্টেশনের নিয়ন্ত্রণের বাইরে গেলে নিকটবর্তী মোহনপুর উপজেলার কেশরহাট ফায়ারস্টেশনে খবর দেওয়া হয়। রাত নয়টার সেখানকার ফায়ারস্টেশনের একটি দল স্থানীয় ফায়ারস্টেশন দলের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালায়। দীর্ঘ দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানার সব যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুদামঘরের যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়।
স্থানীয়রা বলেন, উপজেলার সূর্য্যপাড়া গ্রামের সোহেল রানা নামের একজন ব্যবসায়ী কয়েক বছর আগে দেউলায় ঝুট কাপড় থেকে তুলা তৈরির কারখানা স্থাপন করেন। সেখানে বেশ কিছু শ্রমিক কাজ করেন।
ব্যবসায়ী সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু শেষ হয়ে গেছে। দুই ঘন্টা ধরে কারখানা ও গুদাম ঘরে আগুন জ্বলছিল।
বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ বলেন, কারখানায় আগুন জ্বলা অবস্থায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার ব্যাপক ক্ষতি পরিলক্ষিত হয়েছে।
বাগমারার ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন শনিবার রাত ১০টায় মুঠোফোনে বলেন, মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান নির পন করা যায়নি। বাগমারা ও মোহনপুরের ফায়ারস্টেশনের কর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ ও নেভান।