অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল থেকে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্র্রেণির অসাধু পেশাজীবী পাখি শিকারীদের পাশাপাশি কতিপয় সৌখিন শিকারীরা ওই পাখি শিকার করছেন।
এলাকাবাসী জানায়, প্রত্যেক বছর সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকওরী, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয়ের জন্য উপজেলার গাজনার বিলসহ পদ্মার চরাঞ্চলে ছুটে আসে। এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মার চরাঞ্চলসহ আশপাশের বিলে আসতে শুরু করেছে। বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা বাদশা শেখ বলেন পেশাজীবী পাখি শিকারীরা গাজনার বিলে কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে। তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে থাকে। বিলপাড়ের চরদুলাই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন পেশাজীবী পাখি শিকারীদের পাশাপাশি কতিপয় সৌখিন শিকারীরাও মাঝে মধ্যে তাদের বৈধ বন্দুক দিয়ে গাজনার বিলসহ আশপাশের বিল ও চরাঞ্চল থেকে অতিথি পাখি শিকার করছেন। তবে তারা রাতে নয়, দিনে দুপুরে ওই পাখি শিকার করছেন। বিলপাড়ের বাসিন্দারা অভিযোগ করে বলেন পেশাজীবী শিকারীরা অতিথি পাখি শিকার করে গ্রাম-গঞ্জের হাট-বাজারে বিক্রি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে তারা অবাধে অতিথি পাখি শিকার এবং বিক্রি করছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিথি পাখি শিকারের কোন খবর আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।