বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চুরির ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে নাছির মন্ডল নামের চালকের ইজিবাইক টমটম চুরি হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের নাছির মন্ডল এক বছর আগে ১ লাখ ৬৫ হাজার টাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক (টমটম) কিনে আদমদীঘি উপজেলার মুরইল বাজারসহ বিভিন্ন সড়কে যাত্রী বহন করে আসছিল। শনিবার আদমদীঘি বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মুরইল বাস স্ট্যান্ড এলাকায় টমটমটি রেখে পাশের দোকানে চা খেতে যান। ১০ মিনিট পর ফিরে দেখেন টমটমটি আর নেই। অনেক খোঁজা খুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। ওই টমটমের চাবি ওই চালকের নিকট রয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় অবহিত করা হয়নি।