পাবনার সুজানগরের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। বিশেষ করে সন্ধ্যার পর যাত্রীদের জিম্মি করে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
উপজেলায় পাবনা-সুজানগর, চিনাখড়া-সুজানগর, কাদোয়া-চিনাখড়া এবং নাজিরগঞ্জ-সুজানগরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুট রয়েছে। ওই সব রুটের মধ্যে কেবল পাবনা-নাজিরগঞ্জ রুটে বাস চলাচল করে। তাছাড়া অন্য সকল রুটে সিএনজি চলাচলা করে। দিন শেষে সন্ধ্যা নামলেই ওই সকল সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করে থাকে। উপজেলার ভবানীপুর গ্রামের আলাল হোসেন বলেন সুজানগর-চিনাখড়া রুটের প্রকৃত ভাড়া ৩০টাকা। কিন্তু সিএনজি চালকরা সন্ধ্যা বা একটু রাত হওয়ার সুযোগে যাত্রী প্রতি ৪৫ থেকে ৫০টাকা আদায় করে থাকে। একই অভিযোগ করলেন উপজেলার বোনকোলা গ্রামের শামছুর রহমান। তিনি বলেন সুজানগর বোনকোলা সড়কের দূরত্ব মাত্র ১০কিলোমিটার। অথচ ওই ১০কিলোমিটার সড়কে যাত্রী প্রতি ভাড় আদায় করা হয় ৩০টাকা। আর সন্ধ্যা নামলে তা বাড়িয়ে আদায় করা হয় ৪০থেকে ৫০টাকা। এ নিয়ে প্রতিবাদ করারও কোন উপায় নেই। যাত্রীরা প্রতিবাদ করলে বা বেশি ভাড়া না দিলে চালকরা সিএনজি বন্ধ করে বসে থাকে। ফলে যাত্রীরা বাধ্য হয়ে মাত্রাতিরক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন যানবাহন মালিক পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।