ফের কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহষ্পতিবার কিশারগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক-এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পাগলা মসজিদ এলাকা সংলগ্ন স্থানে নরসুন্দা নদী দখল করে ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ঙ) ধারা লংঘন করে নরসুন্দা নদী দখল/ভরাট করায় ০১(এক) জনকে ১০,০০০/-(দশ) হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে পুলিশ সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।