ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও সিরাতুন্নবী সা. উপলক্ষে ১০০০ সিরাতের বই বিনামূল্যে বিতরণের দ্বিতীয় পর্ব (১২ নভেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর আজীমুদ্দীন উচ্চবিদ্যালয় সংলগ্ন মুফতী মুহাম্মাদ আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের সিনিয়র মুহাদ্দিস ও ঐতিহাসিক শহীদি মসজিদের খতীব হযরত মাওলানা শামছুল ইসলাম সাহেব সভাপতিত্ব করেন। কিশোরগঞ্জে বাতিঘর সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনটি সঞ্চালনা করেন মাওলানা আবদুল্লাহ আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া ইমদাদিয়ার প্রধান মুফতি, মাওলানা ওমর আহমাদ।
মাওলানা শামছুল ইসলাম সাহেব সীরাতের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সিরাত হলো, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদ্যপ্রান্ত আলোচনা। কীভাবে জন্মেছিলেন? কীভাবে তিনি কথা বলেছেন? মুয়ালামালা-মুয়াশারাত করেছেন। মানুষের সঙ্গে কীভাবে মিশেছেন। এ নিয়ে যা আলোচনা হয় তাকে সীরাত বলে। আর মিলাদ বলা হয়, হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জন্মগ্রহণ করছেন সে আলোচনা শুধু। সিরাতের তুলানায় মিলাদুন্নবী একবিন্দু পরিমাণের চেয়ে বেশি নয়। সিরাত নবী সা.-এর জীবনের মহাসমুদ্র আর মিলাদুন্নবী হচ্ছে, তার ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতম অংশ। নিজেকে নববী সা.-এর মতো সাজাতে হলে অবশ্যই সিরাত পড়তে হবে। আজ তরুণ-তরুণীরা রবীন্দ্রনাথ, শরৎ, নজরুল পড়ে কিন্তু সিরাত পড়ে না। রবীন্দ্রনাথ ও নজরুল সঙ্গীত হলে আর কিছুই লাগে না। অথচ তাদের উচিত ছিল, সীরাত পড়া। তাই আমি বলবো, প্রতিটি ঘরে ঘরে সিরাত রাখবেন। যে তরুণরা ধারাবাহিক এ সিরাত বই বিতরণের আয়োজন করেছে, সত্যিই এটি একটি ব্যতিক্রম ও খুব সুন্দর উদ্যোগ। আমি তাদের এ কাজে সাধুবাদ জানাই।
মুফতি ওমর আহমাদ বলেন, সিরাত ঈমানের একটা অংশ। কেউ সিরাত না পড়লে বা সিরাত সম্পর্কে না জানলে তাঁর ইমান অসম্পূর্ণ থেকে যায়। আজ আমাদের অনেকের অবস্থা এমন হয়েছে যে, আমারা প্রিয় নবী সা.-এর নামই জানি না। নাম জানলেও তাঁর জীবন ও ইতিহাস সম্পর্কে কিছুই জানি না। তাই আমাদের ভালোভাবে সিরাত পড়তে হবে। আজকে তরুণরা সিরাত বিষয়ক বই বিতরণের মতো কঠিন কাজে হাতে দিয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি তাদের জন্য দুআ করি।
মুফতি মোহাম্মাদ আলী মসজিদের ইমাম ও খতিব, মাওলানা দ্বীন ইসলাম বলেন, হযরত রাসূলের কারীমের জীবন ও ইতিহাস না জানার কারণে, না মানার কারণে আমাদের জীবন হতাশাগ্রস্ত হয়ে গেছে। আমার উদ্দেশ্যহীনভাবে জীবন-যাপন করছি। সুন্নত তরিকায় জীবন-যাপন করলে জীবনটা কতোটা আলোকময় হয়ে ওঠে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আর তাই আমাদের সিরাতের বই বিতরণের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাতিঘর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আমিন আশরাফ। উপস্থিত ছিলেন, আশিক আশরাফ, সুলতান আফজাল আইয়ুবী, নকীবুল হক ও আবদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনার একপর্যায়ে প্রায় ৩০ জনকে সিরাত বিষয়ক বই বিতরণ করা হয়। পওে দোআর মাধ্যমে সিরাত বই বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্বে সমাপ্তি ঘোষণা করা হয়।