শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ কিশোরগঞ্জের সকল হাসপাতালে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা জেনারেল হাসপাতালে অর্থপেডিক্স,কার্ডিওলজি, চক্ষু, নাক-কান-গলা বিভাগসহ পূর্ণাঙ্গ প্যাথলজি ব্যবস্থা চালুর দাবি জানিয়ে সমাবেশে বক্তৃতা করেন জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, সিপিবি নেতা অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, বাসদ (মার্কসবাদী) আলাল মিয়া, শ্রমিক নেতা মাহতাব উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। .
বক্তাগণ হাসপাতালে দীর্ঘদিন ধরে প্যাথলজি বিভাগ বন্ধ থাকাসহ অনেক রোগের বিভাগ চালু নেই। এ ছাড়া হাসপাতালে অব্যবস্থাপনাসহ ডাক্তার-নার্স সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্খিত সুফল ভোগ করতে পারছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন। যা কারোরই কাম্য নয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, অধিকাংশ ডাক্তারগণ নির্দিষ্ট সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করে শহরের বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে রোগী দেখেন। সেখানে কোন কোন ডাক্তার পাঁচশ’ থেকে সাতশ’ টাকা পর্যন্ত ফি নিয়ে থাকেন। ডাক্তারদের প্রাইভেট চিকিৎসায় জনপ্রতি রোগীদের কাছ থেকে সর্বোচ্চ দুইশত টাকা ফি নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিছু বিভাগের পদ শুন্য হওয়ায় হাসপাতালের ডাক্তার ও নার্স সংখ্যক রয়েছে। তবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পুর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু রয়েছে।