কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। জানা গেছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুই সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে বৃহস্পতিবার দুপুরে নান্দলা এলাকার হেলাল মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাবিবুল্লাহ যাতায়াত পরিবহন বাসের হেলপার ছিলেন। দুপুরে ডিউটি শেষে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দুটি সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি ও শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫২) মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে পৌরসদরের কামারকোনা এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে শফিকুল ইসলাম বিল্লাল পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। ওইদিনই তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।