পাবনার চাটমোহরে সন্তানসহ সংখ্যালঘু এক নারী বাদীকে মারপিট করেছেন আসামির স্বামী। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল নাগাদ উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম।
আহতরা হলেন-গ্রামটির বাসিন্দা উত্তম রাজবংশীর স্ত্রী মুক্তি রানী রাজবংশী ও তার ছেলে সজীব রাজবংশী। আর আসামি হলেন একই গ্রামের বাসিন্দা আ.সামাদের স্ত্রী রোকসানা খাতুন। ভুক্তভোগীর অভিযোগ-আসামিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে আ. সামাদ তাদের মারপিট করে জখম করেছেন।
এলাকাবাসী জানায়,পাওনা টাকা নিয়ে রোকসানা খাতুনের নামে আদালতে মামলা করেন মুক্তি রানী রাজবংশী। সেই মামলায় ওয়ারেন্ট বের হলে পুলিশ আসামিকে গ্রেফতার করেন। ওসি জানান,ওয়ারেন্ট হাতে পাওয়ার পরে রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। মারপিট করার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।