ওষুধ নিয়ন্ত্রণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজশাহীর চারঘাটে যত্রতত্র ফার্মেসি খুলে চলছে ওষুধ কেনাবেচার ব্যবসা। উপজেলা সদরসহ ছয়টি ইউনিয়ন ও পৌরসভার এলাকাগুলোতে তিন শতাধিক ফার্মেসি গড়ে উঠেছে।
এসব ফার্মেসির বেশির ভাগ নেই ফার্মাসিস্ট সনদ। অনেকের ড্রাগ লাইসেন্সটি পর্যন্ত নেই। ওষুধ প্রশাসনের নজরদারির অভাবে এসব ফার্মেসিতে যেমন মিলছে অবৈধ ওষুধ, তেমনি সেলফ প্রেসক্রিপশনে নিম্নমানের ও ভুল ওষুধ বিক্রি করছে বিক্রেতারা। ফলে একদিকে যেমন ওষুধ ব্যবসায়ীরা টাকা হাতিয়ে নিচ্ছেন, সেই সঙ্গে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। উঠতি বয়সী তরুণরা প্রেসক্রিপশন ছাড়া এসব ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনে নেশার কাজে ব্যবহার করছে।
ওষুধ নিয়ন্ত্রণ আইন-১৯৪০ অনুসারে ওষুধের দোকান বা ফার্মেসি দেওয়ার ক্ষেত্রে প্রথমেই ওই ব্যক্তিকে কমপক্ষে ছয় মাসের ফার্মাসিস্ট কোর্স করে সনদ সংগ্রহ করতে হবে। পরে সংশ্লিষ্ট ড্রাগ সুপারের কার্যালয়ে ফার্মাসিস্ট সনদ জমা দিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ড্রাগ সুপার আবেদন যাচাইয়ের পর ড্রাগ লাইসেন্স দিলেই কেবল ওষুধের ব্যবসা বা ফার্মেসি দেওয়া যাবে। এদিকে উপজেলায় কী পরিমাণ ফার্মেসি রয়েছে, এর কোনো পরিসংখ্যান নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওষুধ বিক্রেতা সমিতির তালিকায় চারঘাটে ফার্মেসির সংখ্যা ২৫০টি।
সরেজমিন বেশ কিছু ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখা গেছে, হাতেগোনা মাত্র ১০-১২ জন ওষুধ ব্যবসায়ীর কেবল ফার্মাসিস্ট সনদ রয়েছে। অন্যান্যের কারোরই মূলত ওই সনদ নেই। তবে প্রায় প্রত্যেকেরই ড্রাগ লাইসেন্স রয়েছে। আর এসব ড্রাগ লাইসেন্সে উল্লিখিত ফার্মাসিস্টের নাম কেবল কাগজেই আছে, বাস্তবে অনেকেই ড্রাগ লাইসেন্সে উল্লিখিত ফার্মাসিস্টকে দেখাতে পারেনি। একজনের লাইসেন্স নিয়ে অন্যজন ব্যবসা করছে। ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠা অধিকাংশ ফার্মেসির ড্রাগ লাইসেন্সও নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তরুণ মাদকসেবীর সঙ্গে কথা বলে জানা যায়, চারঘাটের অনেকগুলো ফার্মেসিতে পেথিডিন, ডায়াজিপাম, ক্লোবাজমসহ ড্রাগ নেওয়ার জন্য বিক্রয়নিষিদ্ধ দেশি-বিদেশি নানা ওষুধ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্যাথা নাশক ট্যাবলেট ও কাঁশির সিরাপ তরুণরা প্রেসক্রিপশন ছাড়াই কিনছে। তবে একটু বেশি দামে এসব ওষুধ কিনতে হয়।
স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম বাদশা বলেন, ওষুধের মতো স্পর্শকাতর ব্যবসায় অবশ্যই সরকারের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত। প্রশিক্ষিত ছাড়া এ ব্যবসা পরিচলানা করার সুযোগ নেই। অথচ বাস্তবতা এই যে, প্রয়োজনীয় আইন থাকলেও মাঠ পর্যায়ে এর প্রয়োগ নেই। তাই এর কুফল ভোগ করছে সাধারণ নাগরিকরা। তরুণরাও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে নেশার দিকে ঝুঁকছে।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, প্রেসক্রিপশন ছাড়া ও ফার্মাসিস্ট সনদ ছাড়া ওষুধ বিক্রি করা অবৈধ। যারা সরকারী নিয়ম অমান্য করে ওষুধ বিক্রি করছে তাদের তালিকা তৈরি করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।