দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ মুখে মাস্ক না পরার অপরাধে বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী পৌর শহরের ১৩ জন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে দন্ডপ্রাপ্ত ১৩ ব্যবসায়ীসহ মাস্ক বিহীন ব্যক্তিদের বাধ্যতামূলক মাস্ক ক্রয়ে বাধ্য করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ সকাল ১১ টায় ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আতাউর রহমান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামালসহ পুলিশ সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে বের হলেই মুখে মাস্ক পড়া জরুরি। কিন্তু সরকারের স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে মাস্ক ছাড়াই যারা বাইরে বের হচ্ছেন এবং ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্যবিধি সকলকে মানতে হবে। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে সহনীয়মাত্রায় জরিমানা করা হয়েছে। এই নিদের্শনা না মানলে আগামীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।