কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইপিএল নিয়ে জুয়া খেলায় তিন যুবককে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান্য আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পাকুন্দিয়া পাইলট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের এক চায়ের দোকানে অভিযান চালিয়ে হাফিজুল, জুনায়েদ ও রাজন নামের তিন যুবককে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান আইপিএল জুয়া খেলার অপরাধে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্ত তিনজন আইপিএল জুয়াড়ি হাফিজুল, জুনায়েদ ও রাজন পৌরসদরের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরসদরের বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এ সময় ওই চায়ের দোকান থেকে আইপিএল জুয়া খেলার অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। পরে দন্ডপ্রাপ্ত তিনজন জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।