কিশোরগঞ্জের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উবায়দুর রহমান সাহেল জানান, জেলা শহরের বটতলায় লাইসেন্স নবায়ন না থাকায় আল সাফি প্যাথলজি ও হাজী ডায়গনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ৫০০০/- করে অর্থদ- করা হয়। এছাড়াও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও আপন ডায়গনস্টিক সেন্টারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৬(গ) ধারায় যথাক্রমে ৫০,০০০/- এবং ৩০,০০০/- টাকা অর্থদ- করা হয়। অপরদিকে শিখা ডায়গনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩০,০০০/- অর্থদ- করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন মোঃ মোস্তাফিজুর রহমান, র্যাব -১৪ সিপিসি-২ এর লে: কমান্ডার শোভন খান, কিশোরগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদ, কিশোরগঞ্জ ক্যাব সভাপতি আলম সরোয়ার টিটুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সুত্র জানিয়েছে।