পাবনার চাটমোহরে বেশী দামে বিক্রি হচ্ছে টিএসপি এবং ডিএপি সার। মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য মিলেছে। হঠাৎ টিএসপি ও ডিএপি সারের দাম বেশী হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। তবে সার ব্যবসায়ীরা বলছেন,সারের দাম বাড়েনি। খুচরা দোকানে হয়তো কিছুটা বেশী নেওয়া হচ্ছে। চলতি রবি মৌসুম শুরু হওয়ায় টিএসপি ও ডিএপি সারের দাম বাড়ায় সংকটে পড়েছে কৃষক। খোঁজ নিয়ে জানা গেছে,বাজারে সর্বোচ্চ ১১শত টাকার টিএসপির বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ১২শত টাকায়। ডিএপিও বিক্রি হচ্ছে বেশি দামে। আলু,পেঁয়াজ, রসুনসহ রবি মৌসুমের চাষিরা বিপাকে পড়েছেন সার নিয়ে। এ সুযোগে ডিএপি সারের দামও বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা। কৃষকরা জানান,টিএসপির পাশাপাশি ডিএপি সারও বেশি দামে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন,আমরা প্রতিনিয়তই মনিটরিং করছি। শুধু টিএসপি,ডিএপি নয়,কোনো ধরনের রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের বেশি নেওয়ার এখতিয়ার নাই ডিলারের। আমরা অবশ্যই তদারকি বাড়াবো।