বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজ শামীম আহম্মেদ (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্যে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শামীম আহম্মেদের বাড়ি ইউনিয়নের নিজগ্রাম মধ্যপাড়ায়। তার বাবার নাম শাহাদৎ হোসেন। শামীম ও তার মামা মহিদুল স্থানীয়ভাবে এনজিও খুলে দাদন ব্যবসা করতেন।
পুলিশ জানায়, শামীম গত বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ওই রাতেই গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ও স্বজনেরা খুঁজছিলেন শামীমকে। এর মধ্যে সোমবার সকাল আটটার দিকে একই এলাকার সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্যে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন লাশের সন্ধান পান। পরে নিহতের মামা মহিদুল শামীমের লাশ শনাক্ত করেন।
গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জয়যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে দেখা গেছে শামীমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।