পাবনার চাটমোহরে রোববার উপজেলা মৎস্য দপ্তর পৃথক পৃথক অভিযান চালিয়ে হাট থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। এ ছাড়া গুমানী নদীর বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ সোঁতিজাল অপসারণ করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। সকালে উপজেলার মির্জাপুর হাটে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল বিক্রিকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এদিকে গুমানী নদীর চিনাভাতকুর,পাকপাড়া,ডেফলচড়াসহ বিভিন্ন স্থানে স্থাপিত ৬টি অবৈধ সোঁতিজাল অপসারণ করা হয়েছে। এ সময় চাটমোহর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,ইতোপূর্বেও কয়েক দফায় কয়েকটি সোঁতিজাল অপসারণ করা হয়েছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।