যশোরের মনিরামপুরে নারায়ন দাস (৬৫) নামের এক ব্যবসায়ীকে ছরিকাঘাত করে ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত প্রায় ৮ টার দিকে পৌর শহরের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারায়ন দাসকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ন দাস ওই গ্রামের মৃত. নকুল চন্দ্র দাসের ছেলে।
নারায়ন দাসের ছেলে সঞ্জয় দাস জানায়, তাদের মুড়ি ও তেলের ব্যবসা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের পিছনেই তাদের বসতবাড়ি। ঘটনার কিছুক্ষন আগে বাবা টাকা ভর্তি ব্যাগ নিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা বাবার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় দুর্বৃত্তদের ব্যাগ ছিনিয়ে নিতে বাঁধা এবং তাদের দিকে টর্স লাইট মারলে তার বাবার বুকে ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শারমিন আক্তার জানান, বুকের নিচে ছুরিকাঘাতটি ২ ইঞ্চি ক্ষত এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। তবে খবর পেয়ে ওই রাতেই ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।