পাবনার সুজানগরে অত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসের ব্যবধানে উপজেলায় ২০জন নারী পুরুষ আত্মহত্যা করেছে।
সুজানগর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে উপজেলার দুর্গাপুর, মধুপুর, চলনাচরপাড়া, ক্রোড়দুলিয়া, স্বাগতা, শ্রীপুর এবং কুড়িপাড়াসহ বিভিন্ন গ্রামে ২০জন নারী-পুরুষ গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছে। এ ছাড়া এ সময় কমপক্ষে ১০জন নারী-পুরুষ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এসব আত্মহননকারীদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে কেউ দাম্পত্য জীবনে অশান্তি, যৌতুক নিয়ে স্বামীর সাথে বিরোধ, বাল্য বিয়ে, পরকীয়া এবং প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যা করেছে বলে থানা পুলিশ জানায়। অবশ্য এদের মধ্যে দু’একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মনের কষ্টে আত্মহত্যা করেছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়। এসব আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে ইউ,ডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।