বগুড়ার ধুনটে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত কালাম ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি।
ধর্ষণের শিকার ওই নারী স্বামী পরিত্যক্ত ও বাক প্রতিবন্ধি। তার বয়স ২৬ বছর। কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে শুক্রবার রাতে ধুনট থানায় মামলা করেছেন ভুক্তভোগি নারীর মা।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগি নারীর বড়ভাইয়ের বন্ধু অভিযুক্ত আবুল কালাম। সেই সুবাদে তাদের বাড়িতে আসা-যাওয়া করত কালাম। বৃহস্পতিবার রাতে কালাম ওই বাড়িতে আসেন। ওই সময় বাড়িতে ভুক্তভোগি নারীর বড়ভাই ছিলেন না। এ সুযোগে কালাম তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই নারীর কান্নার আওয়াজ শুনে তার মা পাশের ঘর থেকে বের হয়ে সেখানে যান। গিয়ে দেখেন কালাম তার মেয়েক ধর্ষণ করছেন।
ওই সময় কালামকে আটকের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে কালাম পালিয়ে যান। প্রথমদিকে বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বররা আপোষ-মিমাংসার চেষ্টা করেন। মামলার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।
জানতে চাইলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মামলা হয়েছে, আসামি কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ওই ভুক্তভোগি নারীর মেডিকেল রিপোর্টের জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।