পাবনার চাটমোহরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে। উপজেলার বিলচলন ইউনিয়নের বওশা ঘাট থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছ ধরতে গিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর মন্ডলপাড়ার শহিদুল ইসলামের ছেলে বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম (৩২) পানিতে ডুবে নিখোঁজ হয়।।
এ ঘটনার পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার সন্ধান শুরু করে। কিন্তু না পাওয়ায় রাজশাহী থেকে স্থানীয় প্রশাসন ডুবুরী দল নিয়ে আসে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান করেও নিখোঁজ ব্যক্তিকে না পাওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হয়। শনিবার ভোরে বওশা ঘাট এলাকার গুমানী নদীতে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়,নজরুল ইসলাম বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে জিয়ালগাড়ি জোলায় মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে সে ওই জোলায় স্থাপিত সোঁতিজালের প্রবল স্রােতের কবলে পড়ে তলিয়ে যায়। কিন্তু দুইদিন অনুসন্ধান চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা করেছিল সে হয়তো ভেসে গুমানী নদীতে চলে গেছে। সুতিজালের সৃষ্টি কৃত্রিম প্রবল স্রােত তাকে হয়তো ভাসিয়ে নিয়ে গেছে। অবশেষে গুমানী নদী থেকেই তার লাশ উদ্ধার হলো।