ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা:-কে কটাক্ষ করে ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে শৈলকুপা উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক স্কুলের সামনে মাওলানা ইলিয়াস আলমগীর ও মাওলানা ইউনুস আলী যৌথ পরিচালনায় ও মাওলানা হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুস সাত্তার ফয়েজি, ওয়াক্কাস আলী জিহাদী, ফয়সাল হাবিব প্রমুখ। এ ছাড়া অন্যান্যের বক্তব্য রাখেন, মাওলানা হেদায়েত উল্লাহ, হাফেজ মাওলানা ফয়সাল হাবিব, খাইরুল ইসলাম ও হাফেজ ওমর ফারুখ।
এসময় এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যান্ত ন্যাক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধান মন্ত্রীকে অবশ্যই সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফ্রান্সের রাষ্ট্রদুতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহবান জানান তারা।
পরে সমাবেশ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে সমাবেশে আগত তৌহিদী জনতা ফাষ্ট্রন্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেন।