বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করায় সোয়াইব হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মুরইল বাজার থেকে সোয়াইব কে আটক করে আদমদীঘি থানা পুলিশ। সোয়াইব হোসেন আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আদমদীঘির পুশিন্দা কোলাদীঘি গ্রামের এক সৌদি প্রবাসির স্ত্রীকে (২০) বখাটে যুবক সোয়াইব নানা ভাবে উত্তাক্ত করে আসছিল। গৃহবধূ বিষয়টি তাঁর পরিবারের সদস্যসহ স্বামীকে মুঠোফোনে জানায়। একপর্যায়ে সোয়াইব তাঁর মুঠোফোন থেকে গৃহবধূর মুঠোফোনে ভিডিও কল দেয় এবং সেখান থেকে কৌশলে গৃহবধূর ছবি সংগ্রহ করে। পরে সোয়াইব গৃহবধূর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। গৃহবধু স্বজনদের সাথে কথা বলে কৌশলে দাবীকৃত ৫০ হাজার টাকা দেয়ার কথা বলে সোয়াইবকে মুরইল বাজারে টাকা নেয়ার জন্য আসতে বলে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে। শুক্রবার রাতে পুলিশ স্থানীয় কিছু লোকজন নিয়ে মুরইল বাজারে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে সোয়াইব অটোরিক্সা করে টাকা নেয়ার জন্য সেখানে আসলে পুলিশ জনগনের সহয়তায় তাকে হাতেনাতে আটক করে। এ সময় অটোচার্জারসহ চালক পালিয়ে যায়। আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।