প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা: ) কে অবমাননার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।শুক্রবার জুম্মার নামাজ শেষে ভাঙ্গুড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা তাবলীগ জামায়াতের আমীর মাওলানা রকিবুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, মাওলানা আবু সাইদ, মাওলানা মানসুরুল হক, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, হাফেজ মাওলানা আশরাফ আলী। দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম হাফেজ মুফতি ওসমান গনি। সমাবেশ থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধ ও ফ্রান্সের সকল পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলটিতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।