বেশ কিছুদিন বন্ধ থাকার পর সুজানগরে পদ্মা নদী থেকে আবার অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার কতিপয় চিহ্নিত প্রভাবশালী ব্যক্তি পদ্মা নদীর হাসামপুর, বড়খাপুর, নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া এবং হাজারবিঘার চরসহ অন্তত ১০টি পয়েন্ট থেকে ওই বালু উত্তোলন করছে। এতে একদিকে পদ্মা পাড়ের বাড়ি-ঘর, ফসলী জমি ও মূল্যবান গাছ-পালা ভাঙনের মুখে পড়ছে, অন্যদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা ভূুমি অফিস সূত্রে জানা যায়, সুজানগরে পদ্মা নদীর কোন অংশকে সরকারিভাবে বালুমহাল হিসাবে গণ্যকরা হয়নি। আর সেকারণে এ উপজেলায় কাউকে বালু উত্তোলনের জন্য পদ্মা নদীর কোন অংশ লিজ দেওয়া হয়নি। অথচ উপজেলার কতিপয় প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে পদ্মা নদীর ওই সকল পয়েন্ট থেকে নিষিদ্ধ শক্তিশালী ড্রেজার দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছে। পদ্মাপাড়ের হাসামপুর গ্রামের বাসিন্দা আফসার মোল্লা বলেন বালুখেকোরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত শক্তিশালী ড্রেজার দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পদ্মা পাড়ের গোপালপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে প্রভাবশালীরা অবাধে ওই বালু উত্তোলন করছে। এতে নদীর পার্শ্ববর্তী সিংহনগর, নারুহাটি, সাতবাড়ীয়া, গোপিনপুর, বরখাপুর, হাসামপুর, কামারহাট, গোয়ারিয়া এবং মালফিয়া গ্রামের শত শত বাড়ি-ঘর, ফসলী জমি এবং মূল্যবান গাছপালা ভাঙনের মুখে পড়েছে। বালু উত্তোলন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ওই সকল বাড়ি-ঘর, ফসলী জমি এবং গাছ-পালা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন ইতোপূর্বে বালু উত্তোলন বন্ধে নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় অর্ধশত ড্রেজার ধ্বংস করা হয়েছে। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনে আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।