বোনের দুর্দশা দেখা হলো না শিলা ভদ্রের। বাড়ির কাছাকাছি আসলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি তিনি। তার আগেই ঘাতক ট্রাক শিলার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। কেবল শিলার জীবনই কাড়েনি, কেড়েছে স্বামী মলয় ভদ্রের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটিও। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেলে যশোরের পালবাড়ির এলজিইডি অফিসের সামনে ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামের মলয় ভদ্রের স্ত্রী শিলা ভদ্র (৪০)। শিলার বোনের বাড়ি যশোরের চাঁচড়ার বর্মনপাড়ায়। কয়েকদিন আগে বোনের স্বামী ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছেন। সন্তান নিয়ে দুরবস্থার মধ্যে সময় পার হচ্ছে তার। বোনের দুর্দশার কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন শিলা। সহ্য করতে পারছিলেন না বোনের সংসারের কষ্ট। এ কারণে বোনের বাড়ি যেতে স্বামীর সাথে কয়েকদিন ধরে পীড়াপীড়ি করতে থাকেন তিনি। অভাবের সংসারে স্বামী মলয় ভদ্র সাথে সাথে স্ত্রীর আবদার পূরণ করতে পারেননি। অবশেষে, মঙ্গলবার নিজেই ভ্যান চালিয়ে স্ত্রীকে নিয়ে যশোরে আসছিলেন চাঁচড়ার বর্মণপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে। মাত্র চার কিলোমিটারের মতো পথ বাকি ছিল।বিকেল পাঁচটার দিকে পালবাড়ির অদূরে এলজিইডি অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে শিলা ভদ্র রাস্তার মাঝখানে পড়ে যান। এর পরপরই বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক শিলা ভদ্রকে পিষ্ট করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মাথাসহ দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। স্বামী মলয় ভদ্র রাস্তার আরেক পাশে ছিটকে পড়ে আহত হন। ট্রাকের চাকায় মলয়ের ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তাদের ভ্যানের পিছনে ধাক্কাদেয়। যে ট্রাকটির চাকায় পিষ্ট হন শিলা সেটি আটক করেছে পুলিশ। স্ত্রীকে হারিয়ে মলয় ভদ্র প্রলাপ বকছিলেন। তার কান্নায় উপস্থিত লোকজন অশ্রু ধরে রাখতে পারছিলেন না। এটি ছিল হৃদয়বিদারক দৃশ্য!