বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় কাঠ ব্যবসায়ীর ৬টি ঘর পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পৌরসভার ওমরপুর গ্রামের কাঠ ব্যবসায়ী সুইট হোসেনের বসতির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে সুইট হোসেন ও মাহবুর রহমানের বাড়ির ৬টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ সুইট হোসেন জানান, প্রাাণে কোন রকমে বেঁচে বের হয়েছি। আমাদের ঘরসহ পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে।