বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ইলিশ মাছ ধরা কারেন্ট জাল আটক ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষিত সময়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার গোলাম মোরশেদ। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে জেলেরা কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলেন। তারা কর্মকর্তাদের দেখে পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট উদ্ধার এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার গোলাম মোরশেদ জানান, আটককৃত জালগুলো কালিতলা গ্রোয়েন বাঁধের নিকট জনসম্মুখে পুড়ে ফেলা হয় এবং জব্দকৃত ৫ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।