কিশোরগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন টেন্ডারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবরে সোমবার (২ নভেম্বর) মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ আশরাফ উদ্দিন, মুজিবুর রহমানসহ আরও কতক ঠিকাদারগণ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা গেছে, কিশোরগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইই/ইইডি/কিশোরগঞ্জ-৪৯৩১,২০২০-২০২১/৪১১-৪-৩০ তাং ১৮/১০/২০২০ ইং প্রকাশিত বিজ্ঞপ্তিতে পুর্ব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যা বিগত দিনে এলটিএম দরপত্রে চাওয়া হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এলটিএম দরপত্রে ৩ কোটি টাকা পর্যন্ত লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করার নিয়ম চালু আছে। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় করছে। কিন্তু প্রকাশিত এলটিএম দরপত্রে নিয়ম পরিপন্থী শর্ত আরোপ করায় ৩/৪ শত ঠিকাদার অংশগ্রহণ করতে পারছে না। যে কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পুর্ব অভিজ্ঞতা সনদ ও রুমদর পদ্বতিতে এলটিএম দরপত্র আহবান বাতিল করে বা পিপিআর এর বিধান যথাযথ অনুস্মরণ করে অভিজ্ঞতা সনদ ব্যাতিত দরপত্র প্যাকেজটি সংশোধন করে সময় বর্ধনের দাবিতে সকলের অংশ গ্রহণের সুযোগদানের কথা অভিযোগে উল্লেখ করেছেন ঠিকাদাররা। অভিযোগের কপিটির অনুলিপি দিয়েছেন শিক্ষা সচিব, দুদক চেয়ারম্যান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী,সিপিটি ইউ মহাপরিচালক, জেলা প্রশাসক ও দুদকের ময়মনসিংহ উপপরিচালককে।
এ বিষয়টি জানতে সরেজমিনে কিশোরগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামের অফিসে যোগাযোগ করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন সাইটে পরিদর্শনে এসেছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিপিআর যথাযথ অনুস্মরণ করা হয়েছে। এতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে। দরপত্রে কোনো অনিয়ম হয়নি।