বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কুকুড়ের কামরে পথচারীসহ ৯ জন আহত হয়েছেন। আক্রান্তরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, পৌরসভায় কুকুড়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। কুকুরগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় পথচারীদের কামড়ে দিচ্ছে। কুকুড়ে কামড়ানোর ঘটনায় শিশু ও সাধারণ পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুড় নিয়ন্ত্রণ করা না গেলে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
গত শনিবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ওই কুকুরের কামড়ে আক্রান্ত হন শিশু রাফিন হোসেন (৭), আবু হানিফ (৬), আবদুল (৮)সহ কলেজপাড়ার ৯জন বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, কুকুরে কামড়ানোর পর যতদ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।
এ বিষয়ে নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে অসুস্থ কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এ ছাড়া কুকুর থেকে সতর্কভাবে চলাচলের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।