কথা ছিল সূর্যের রশ্মি ও তাপ শুষে নিয়ে শক্তি সঞ্চয় করবে সোলার প্যানেল। আর সূর্য অস্ত যাওয়ামাত্র জ্বলে উঠবে সড়কবাতি। জলবায়ু ট্রাস্ট ফান্ডের ২ কোটি টাকাও খরচ করা হয়েছে সোলার স্টিক লাইট স্থাপনে। অথচ সন্ধা লাগলেই চারঘাট পৌরসভা জুড়ে ঘুটঘুটে অন্ধকার।
চারঘাট পৌরসভায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকায় স্থাপন করা হয়েছে ১৫৯ টি সোলার স্টিক লাইট। প্রতিটি সোলার স্টিক লাইটের দাম ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তবে এই প্রকল্প পৌরসভার জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারবেনা বলে মনে করেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার ও বিভিন্ন বিদেশি দাতা সংস্থা জয়বায়ু পরিবর্তনরোধ ও অভিযোজনের কাজে ব্যয় করার শর্তে পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন গঠিত জলবায়ু ট্রাস্ট ফান্ডকে এ টাকা দেওয়া হয়। কিন্তু চারঘাট পৌরসভায় অপরিকল্পিত ভাবে এ ধরনের কাজে খরচ করার কারণে ভবিষ্যতে এ খাতে আর অর্থ বরাদ্দ দিবে না বলে মনে করছেন জয়বায়ু ও পরিবেশ সংশ্লিষ্টরা।
সরেজমিন পৌরসভা ঘুরে দেখা যায়, চারঘাট পৌরসভা জুড়েই জলাবদ্ধতায় নাকাল সাধারণ মানুষ। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কোনো কর্মকাণ্ড নেই। অথচ জলবায়ু পরিবর্তনের দুই কোটি টাকা ব্যবহার করা হয়েছে সোলার প্যানেল স্থাপনে। অথচ জলাবদ্ধতা নিরসনের জন্য মূলত এ ধরনের প্রকল্প দেওয়া হয়।
স্টিক লাইট গুলোও বসানো হয়েছে অপরিকল্পিত ভাবে। পূর্বের বসানো সোলার প্যানেল গুলো বিভিন্ন জায়গায় অকার্যকর হয়ে আছে। সেগুলো মেরামাত করার কোনো উদ্যোগ নেই। কিন্তু বাস্তবায়ন করা হয়েছে নতুন প্রকল্প।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের বিষয়ে জানতে চাইলে চারঘাট পৌরসভার সচিব রবিউল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন প্রকল্পের বিষয়ে আমি কিছুই জানিনা। এরকম কোনো কাজ পৌরসভায় বাস্তবায়ন হয়েছে কিনা সেটাও আমার জানা নেই। পৌর প্রকৌশলী সবকিছু বলতে পারবে, তাকে জানতে চান।
চারঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, জলবায়ু পরিবর্তনে স্টিক সোলার লাইট প্রকল্পে উপকৃত হবে পৌরবাসী। সোলার লাইট গুলো কার্বন নির্গমন হ্রাস করবে। ২ কোটি টাকা ব্যায়ে ঢাকার অপটো ইলেকট্রিক লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের বিষয়ে জানতে চাইলে চারঘাট পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি। সোলার প্যানেল জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। তবে আগামীতে জলাবদ্ধতা নিরসনে এ ধরনের প্রকল্প নেওয়া হবে।