কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জের ধরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। জানা গেছে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হেমন্তগঞ্জ গ্রামের মৃত ইছব আলীর ছেলে সমাজসেবক মো. মুনসুর আলী (৬৫) রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজার সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।
জমির সীমানা ও এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে মুনসুর আলীর লোকজনের সাথে পার্শ্ববর্তী কুড়ারকান্দি কাওয়ালিবাড়ির নজরুল ইসলামের লোকজনের বিরোধ চলে আসছিল।
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গত বছর মারামারি ঘটনাও ঘটে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা বিচারাধীন রয়েছে।
এবছরও হেমন্তগঞ্জ গ্রামের এক স্কুলছাত্রকে মারপিট করে প্রতিপক্ষ কুড়ারকান্দি কাওয়ালিবাড়ির লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এরকম পরিস্থিতিতে রোববার (১ নভেম্বর) হেমন্তগঞ্জ বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ পড়তে যান মো. মুনসুর আলী। নামাজ শেষে মাঠে যাওয়ার জন্য রাস্তায় নামতেই সকাল সাড়ে ৬টার দিকে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা উপর্যুপরি কুপিয়ে মুনসুর আলীকে গুরুতর আহত করে।
। খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে অষ্টগ্রাম সার্কেলের এএসপি এসএম আজিজুল হক, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, পরিদর্শক (তদন্ত) তাইজ উদ্দিন আহমেদ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
ওসি মো. জাকির রব্বানী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।