তালাক দেওয়া স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওবাইদুর রহমান (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই যুবতীকে রোববার সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওবাইদুর ওই গ্রামের জবেদ আলী সরদারের ছেলে।
নির্যাতনের শিকার যুবতী জানায়, প্রেমের সম্পর্ক ধরে ওবাইদুর রহমান ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে বিয়ে করে। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারী তাদের বিয়ের বিচ্ছেদ ঘটে। নির্যাতনের শিকার ওই যুবতী আরও জানায় শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে ওবাইদুর দেখা করতে তাদের বাড়িতে ডাকে। একপর্যায়ে ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি বাঁধা দিলে ঘরের দরজা আটকিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়। মেয়েটির পরিবারের স্বজনরা রোববার সকালে চিকিৎসার জন্য তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে ওবাইদুর কোন কিছুই জানাতে অস্বীকার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারপিট করা হয়েছে এটা সঠিক, তবে ধর্ষণের চেষ্টা হয়েছে কিনা সেটা আমার জানার বাইরে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ জানান, মেয়েটি গুরুতর জখম অবস্থায় মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বেডে ভর্তি রয়েছে।
মনিরামপুর থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মহাসিন আলী জানান, অভিযোগ পত্র মোতাবেক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে ধর্ষণের চেষ্টা ঘটনাটি সঠিক নয়, তাকে মারপিট করা হয়েছে এটা সত্য। আরও যাচাই বাছাই করে বিবাদীরে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।