বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নিখোঁজ এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টার দিকে নন্দীগ্রাম উপজেলার চককয়া রয়ের পাড়া গ্রাম থেকে খগেন্দ্রনাথ (৫৫) নামে ওই কৃষকের মরদেহ পুলিশ উদ্ধার করে। তিনি উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের রয়ের পাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, খগেন্দ্রনাথের স্ত্রী রাণী বালা দুর্গাপুজা উপলক্ষে শাজাহানপুর উপজেলায় খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যায়। গত বৃহস্পতিবার সকালে খগেন্দ্রনাথ স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি বাড়িতে ফেরেননি। শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হলে তার ছেলে গোয়াল ঘরে গিয়ে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পারেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে তিনি সবার অজান্তে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।