আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীরা যেখানে ব্যানার, ফেস্টুন নিয়ে শহর কেন্দ্রীয় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঠিক সেই সময়ে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদপ্রার্থী ও সফল নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা মাটির টানে মানুষের ভালবাসার ডাকে সাড়া দিতে পৌর শহরের চা-বাগান, মালশন, তারাপুর ও কাজিপুর গ্রামের সকল স্তরের মানুষের সাথে দেখা করে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শুক্রবার থেকে শনিবার দুপুর পযর্ন্ত হাসিনা মমতাজ মুক্তা তাঁর সমর্থক নারী-পুরুষদের সাথে নিয়ে দলবদ্ধ ভাবে পাড়া, মহল্লায় নিজের ছবি সম্মিলিত লিফলেট নিয়ে আগাম প্রচার-প্রচারনা চালাচ্ছেন। সান্তাহার পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের মধ্যে তিনটি সংরক্ষিত নারী আসন। মালশন গ্রামের বাসিন্দা রিমা বেগম বলেন, এলাকায় নারী কাউন্সিলর প্রার্থীদের দলবল নিয়ে প্রচারনা চালাতে দেখে বেশ ভাল লাগছে। প্রচারনার ধরন দেখে বোঝা যাচ্ছে নারী প্রার্থীরা কোন অংশেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই।
এ ব্যাপারে নারী কাউন্সিলর প্রার্থী হাসিনা মমতাজ মুক্তা বলেন, সান্তাহার পৌর শহরের প্রতিটি মানুষই আমাকে ভালবাসে আর এই ভালবাসার প্রতিদান দেওয়ার লক্ষে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করছি এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে অবশ্যই মুল্যায়ন করবে।